প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২০ নভেম্বর,,
অসতর্কভাবে রেললাইন পার করতে গিয়ে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলে একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পিকআপ ভ্যানের তিন যাত্রীর। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে ত্রিপুরার লংতরাইভ্যালী মহকুমার মনু এসকে পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় আগরতলা শিলচরগামী যাত্রীবাহী ট্রেন এর ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। টি আর-০৬ এ ১৬১২ নম্বরের একটি পিকআপ ভ্যান এস কে পাড়া এলাকায় সতর্কভাবে রেললাইন পার হওয়ার চেষ্টা করে।

কোন ধরনের সিগনাল ছাড়া গাড়ি রেল লাইনের উপর আসতেই ঠিক সেই সময়ে সেই লাইন ধরে আসা দ্রুতগামী রেলের ধাক্কা লাগে গাড়ির উপর। দ্রুতগামী রেলের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। জানা গেছে গাড়ির ভেতরে ওই সময় চালক এবং শ্রমিক সহ মোট ৪ জন ছিলেন। দুর্ঘটনার পর দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কা জনক। দুর্ঘটনায় যাত্রীবাহী রেলের সামনের অংশ সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর রেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও পরবর্তীকালে সিগনাল পেয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়।