প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,,১৯ নভেম্বর,,
ত্রিপুরার ইতিহাসে সর্বকালীন বড় গাঁজা বিরোধী অভিযান হলো সিপাহীজলা জেলাতে। জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে টানা নয় ঘন্টার অভিযানে ধ্বংস করা হয়েছে ১২ লক্ষ পরিপক্ক গাঁজা গাছ। ধ্বংস করা গাঁজার বাজার মূল্য ৫০ কোটি টাকা বলে পুলিশ সুপার দাবী করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেশা মুক্ত রাজ্য করার স্বপ্নকে সফল করতে এই ধরনের অভিযান জারি রাখবেন বলে মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার। মঙ্গলবারের এই অভিযানের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন।

ঘটনার বিবরণে জানা যায় 18 নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা ৫ শতাধিক সুরক্ষা কর্মী নিয়ে গাঁজা বিরোধী অভিযানে নামেন। পুলিশ, টিচার, সিআরপিএফ সহ বন বিভাগের কর্মীরা এই অভিযানে শামিল ছিলেন। অভিযান কালে ২০০ হেক্টর জমি জুড়ে ১২০ টি প্লটে পরিচালিত গাঁজা খেতে ১২ লক্ষের বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে পুলিশ সুপার দাবি করেছেন। বিশালগড় এবং সোনামুড়া মহকুমার সুতারমুড়া, তকশাপাড়া, চিতারামবাড়ি, কমলনগর ও ঘাঁটিঘর এলাকাজুড়ে অভিযান চালানো হয়েছে। জেলা পুলিশ সুপার দাবি করেছেন এই গাঁজা বিরোধী অভিযানে এ যাবতকালের সর্বাধিক গাঁজা ধ্বংস করা হয়েছে।