প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ এপ্রিল,,
টিটিএডিসিতে নির্বাচনোওর সন্ত্রাসে আক্রান্তদের একাংশের বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ রাজ্য পুলিশের মহা নির্দেশক এবং প্রশাসনিক আধিকারিক দল। পশ্চিমবঙ্গের নির্বাচন ব্যস্ততার মধ্যেই রাজ্যে এসে সোমবার ভগৎ সিং যুব আবাসে সন্ত্রাসে আক্রান্ত বাড়ি ঘর ছাড়া লোকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। রাতেই সরকারিভাবে সন্ত্রাসের ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা হয়। মঙ্গলবার পুলিশ মহা নির্দেশক সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে খোয়াই জেলা সহ বিভিন্ন এলাকায় ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সন্ত্রাসে আক্রান্ত বাড়ি ঘরের অবস্থা দেখেন এবং পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। তাদেরকে অভয় দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন টিটিএএডিসি’র নির্বাচনের ফলাফল ঘোষণার পর, খোয়াই জেলার বিদ্যাবিল ভিলেজে তিপ্রামথা সমর্থিত দুষ্কৃতকারীরা স্থানীয় বিজেপি কার্যকর্তাদের বাড়ি ঘরে বেপরোয়া ভাবে আক্রমণ সংঘটিত করে। এর ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বিট্টু দেববর্মার বাড়ি। আজ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সেখানে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করি এবং এই সময়ে পাশে থাকার আশ্বাস দিই। এই পরিবারটি খুব সহসাই ঘুরে দাঁড়াতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। একই সাথে মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন এই সন্ত্রাসের ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।