প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ এপ্রিল,,
এডিসি নির্বাচনের প্রচারে বের হয়ে এবার মন্ত্রী বিকাশ দেববর্মার উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী বলেন ফ্রাস্ট্রেশন অর্থাৎ হতাশার আরেক নাম সন্ত্রাস করা। আগেও অনেক পার্টি এটা করেছে। মুখ্যমন্ত্রী বলেন ‘তারা’ ভাবছে এভাবে সন্ত্রাস করলে আমরা চুপ হয়ে যাব। তবে এটা হবে না। মুখ্যমন্ত্রী বলেন এসব করে হবে না। মানুষ শান্তি চায়। শান্তির জন্যই আমরা এডিসি এলাকা জয় করতে চাই এবং ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হবেই। মুখ্যমন্ত্রী আরো বলেন নির্বাচনকে সামনে রেখে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে যে এডিসির কিছু অংশ নগর পঞ্চায়েত করবে বিজেপি সরকার। এটা সম্পূর্ণ মিথ্যা এবং এডিসির একরত্তি জায়গাও আমরা নেবনা। যা আইন আছে আইন মোতাবেকই সব হবে। মুখ্যমন্ত্রী বলেন এডিসি ত্রিপুরার মধ্যেই আছে , আর আমরা ত্রিপুরার উন্নয়ন চাই। এডিসির উন্নয়ন আমরাই করব আর কেউ করতে পারবে না।
প্রসঙ্গত কিছুদিন আগে তেলিয়ামুড়াতে আক্রমণের মুখে পড়েছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মা। অভিযোগ ছিল তিপড়া মথার কর্মীরা মন্ত্রীর উপর হামলা করে এবং তার গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনায় পুলিশে মামলাও করা হয়েছে। ঘটনার সময় আসাম নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে ছিলেন। বুধবার ত্রিপুরার এডিসি নির্বাচনের প্রচারে গেলে এই বিষয়টিতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চেয়েছিলেন সাংবাদিকরা। সেই প্রতিক্রিয়াতে মুখ্যমন্ত্রী নাম না করলেও তিপড়া মথা বর্তমানে হতাশায় রয়েছে বলে দাবি করেছেন।



Recent Comments