প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ এপ্রিল,,
গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতি দলের দ্বারা আক্রান্ত হলেন বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস। অভিযোগ রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী তার বাড়িতে (ঠিকানা দেওয়া ভালো না) ঢুকে ভাঙচুর করে এবং মাধবী বিশ্বাস সহ তার ছেলেকে মারধর করে। খবর পেয়ে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং পরবর্তীকালে জিবি হাসপাতালে ভর্তি করে। সোমবার সকাল পর্যন্ত মা ছেলে দুজনই জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। প্রসঙ্গত মাধবী বিশ্বাস বরাবরই তার বিতর্কিত কন্টেন্টের জন্য একটা অংশের মানুষের ক্ষোভের মুখে রয়েছেন। তিনি বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসকদলের নেতা-মন্ত্রীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর লেখালেখি করেন এবং বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এসব অভিযোগ এবং মামলার ভিত্তিতে তিনি ইতিপূর্বে ৭৫ দিন জেলে ছিলেন এবং পরে জামিনে মুক্ত হন। আবার তার এসব বিতর্কিত মন্তব্যের জন্য তার ফলোয়ারের সংখ্যাও দিন দিন বাড়ছে। সম্প্রতি এডিসি নির্বাচন নিয়েও তিনি শাসকদল সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিকবার কুরুচিকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে লেখালেখি এবং মন্তব্য করেছেন।

ধারণা করা হচ্ছে এসবের জন্যই ক্ষুব্ধ একটি অংশ তার বাড়িতে হামলা করেছে। যদিও এই বিষয়ে পুলিশের কাছ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি। পুলিশ সূত্রের দাবি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা করলেও দুষ্কৃতীদের কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।



Recent Comments