প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৪ মার্চ,,
নির্বাচনের প্রাক্কালে চমক দেখালো বিজেপি। মঙ্গলবার বিজেপি এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৮ টি আসনেই নিজেদের প্রতীক চিহ্নে প্রার্থী ঘোষণা করে। প্রার্থী ঘোষণার প্রাক্কালে চমকপ্রদভাবে বিজেপি দলে যোগদান করেন তিপড়া মথার একজন এমডিসি এবং একজন ইএম সহ বেশ কয়েকজন। এডিসির এমডিসি সদাগর কলই এবং ইএম অনন্ত দেববর্মার হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন খোদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত এই দল বদল এবং প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় , প্রাক্তন সংসদ রেবতি ত্রিপুরা সহ সহ অন্যান্য পদাধিকারীরা। মথা ছেড়ে বিজেপিতে যোগদান করে এমডিসি সদাগর কলই এবং অনন্ত দেববর্মা মথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একাধিক কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন বিজেপির নেতৃত্বেই জনজাতিদের উন্নয়ন হচ্ছে এবং হবে বলে তারা আশাবাদী।
অন্যদিকে প্রার্থী তালিকা ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন “ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকা গুলিতে অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষ শান্তিতে থাকতে চায় এবং মানুষকে শান্তিতে রাখার জন্য রাজ্য সরকার কাজ করছে। রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে উন্নত রয়েছে। একমাত্র বিজেপি সরকারি পারে এডিসির প্রকৃত উন্নয়ন। তাই আমরা চাইছি বিজেপির নেতৃত্বে স্বচ্ছ একটা সরকার এডিসিতে প্রতিষ্ঠিত হোক এবং মানুষের প্রকৃত উন্নয়ন হোক। এজন্যই বিজেপি ২৮ টি আসনে নির্বাচন করছে এবং মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
পরবর্তীকালে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এডিসির ২৮ টি আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।




