প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৩ মার্চ,,
অপরাধীদের কোন ছাড় নয়। বিশালগড়ে গুলি কাণ্ড নিয়ে কংগ্রেস বিধায়কের প্রশ্নে বিধানসভায় স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মুখ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন বিশালগড় কাণ্ডে অভিযুক্তকে সাজা দেবে আদালত কিন্তু তাকে গ্রেফতার করবে পুলিশ। সেক্ষেত্রে পুলিশকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত যাতে কোনোভাবেই ছাড় না পায়। প্রসঙ্গত বিশালগড়ে গত কিছুদিন যাবৎ আতঙ্ক হয়ে উঠেছে রণবীর দেবনাথ নামে এক যুবক। তার বিরুদ্ধে অভিযোগ সে ৫০ লক্ষ টাকা দাবি করে বিশালগড়ের নেতাজি নগরে ঠিকেদার অনুপ কুমার সাহার বাড়িতে পরপর দুইবার হামলা করেছে। সেই হামলায় দুই দফায় ৫ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এমনকি পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করলে অভিযুক্ত রণবীর দেবনাথ সামাজিক মাধ্যমে প্রকাশ্যে নিজেকে গুন্ডা হিসেবে জাহির করেন এবং অভিযোগকারীদের দেখে নেওয়ার হুমকি দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। সামাজিক মাধ্যমে রণবীরের হুমকি এবং গোটা বিষয়টি ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। এর মধ্যেই সোমবার রাজ্য বিধানসভা অধিবেশনের সপ্তম দিনে বিশালগড়ের এই ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। পরক্ষণে প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনায় প্রশ্ন তোলার জন্য কংগ্রেস বিধায়কের সচেতন মনোভাবের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন তিনি ইতিমধ্যেই সমস্ত ঘটনার খবর নিয়েছেন এবং পুলিশ হামলা এবং গুলি চালানোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। মুখ্যমন্ত্রী বলেন বিশালগড় থানার পুলিশ ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা নিয়ে তদন্ত করছে। সিপাহীজলা জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিষয়টি তদন্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন অপরাধীদের সাজা দেবে আদালত কিন্তু এসব ঘটনায় অভিযুক্তকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তাকে অবিলম্বে গ্রেফতার করতে পুলিশ যাতে তৎপর হয় তার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।



Recent Comments